বিআরটিসি বাস সরকারি প্রতিষ্ঠানে না দিতে নোটিশ
সাধারণ মানুষের গণপরিবহন-সংকট দূর করতে সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যানের কাছে জনস্বার্থে এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, বিআরটিসির বহরে থাকা শতভাগ বাস সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করতে হবে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য নিজস্ব বাস কেনা অথবা বেসরকারি খাত থেকে পরিবহনসেবা ভাড়া নেওয়ার ব্যবস্থা করতে হবে।
নোটিশে আরও বলা হয়, সাধারণ নাগরিকদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই জনগণের করের টাকায় বিআরটিসি প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি তাদের বহরের একটি বড় অংশ বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থাকে ভাড়ায় দিয়েছে। এতে সাধারণ যাত্রীরা প্রয়োজনীয়সংখ্যক বাসের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং রাস্তায় বাস না পেয়ে চরম পরিবহন-সংকটে পড়ছেন।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন