মোমিন মেহেদী, শান্তা ফারজানাসহ ৬ জনের জামিন নামঞ্জুর
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রাজনৈতিক সংগঠন নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
জামিন নামঞ্জুর হওয়া অন্য আসামিরা হলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল ও হরী সরকার। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন। শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন ছয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৪ আগস্ট বাবুল সরদার নামে এক ব্যক্তি বাদী হয়ে মোমিন মেহেদী, শান্তা ফারজানাসহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৭, ৮, ৯(১), ৯(২), ১০, ১১ ও ১২ ধারার পাশাপাশি দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা আওয়ামী লীগের দোসর ও বর্তমান সরকারবিরোধী ষড়যন্ত্রকারী। গত ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা উসকানিমূলক স্লোগান ও মিছিল করছিলেন। এ সময় বাবুল সরকার, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ জুলাই আন্দোলনের কয়েকজন এর প্রতিবাদ করেন। অভিযোগ অনুযায়ী, তখন আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, লোহার পাইপ, চেয়ার ও হকিস্টিক নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মতামত দিন