Views Bangladesh Logo

মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রাজধানীর শাহবাগ এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে একটি বিড়াল উঠে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রায় ২৫ মিনিট পর দুপুর ১২টা ১৫ মিনিটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে পুরো রুটের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সব ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয় এবং স্টেশনগুলোতে মাইকিং করে বিষয়টি জানানো হয়।

হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চলন্ত ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় বদ্ধ বগির ভেতরে অনেক যাত্রী অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন।

এ সময় বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বেড়ে যায় এবং অনেকেই বিকল্প পরিবহনের দিকে ঝুঁকেন। ফলে রাজধানীর বিভিন্ন রুটে গণপরিবহনে অতিরিক্ত চাপ দেখা দেয়।

পরে কারিগরি দল দ্রুত কাজ করে সমস্যা সমাধান করে এবং দুপুর ১২টা ১৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়। এরপর ধীরে ধীরে মেট্রোরেল চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ