Views Bangladesh Logo

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১৩০০ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৯ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর ১০৫ জন মারা গেছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ২১৩ জন, চট্টগ্রামে ১২০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৭ এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ১৪৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭২ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৪১৪ জন, চট্টগ্রামে ২৩৩, সিলেটে ১৬৮, বরিশালে ১৪০, ময়মনসিংহে ৮০, খুলনায় ৭৮, রাজশাহীতে ৪৫ এবং রংপুরে ১৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।

বুলেটিনে বলা হয়েছে, চলতি বছর হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনের মধ্যে। তাঁদের মধ্যে ২৫ হাজার ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা করা হয় না। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা নির্ধারণ করা কঠিন।

অধিদপ্তরের হিসাবে মূলত হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ