চানখারপুলে দুই বাসের চাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানি কর্মীর
দুই বাসের চাপায় রাজধানীর চানখারপুলে জয়দেব (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস দু’টি আটক করেছেন স্থানীয়রা।
বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চানখারপুলের মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়দেবের গ্রামের বাড়ি বরিশালে। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়দেব নারায়ণগঞ্জগামী একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবের সহকর্মী মিজানুর রহমান জানান, জয়দেবসহ তিনি রয়েল ল্যাবরেটরিজ নামের একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটের কাজ করেন। সকাল থেকে কাজের সূত্রে তারা শাহবাগ এলাকায় ছিলেন। পরবর্তীতে বিকেলে জয়দেবের যাত্রাবাড়ীর বাসায় যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ মুঠোফোনে তিনি সড়ক দুর্ঘটনায় জয়দেবের আহত হওয়ার খবর পান। একপর্যায়ে ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ২ বাসের চাপায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।

মতামত দিন