আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি এলআরএফের
সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।
একই সঙ্গে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্যথায় স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।’
একই দিন দেওয়া বিবৃতিতে এলআরএফের সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সাধারণ সম্পাদক আরাফাত মুন্না এ বক্তব্যের প্রতিবাদ জানান।
তারা বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও সততা নিয়ে এ ধরনের মন্তব্য অসাংবিধানিক এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।
বিবৃতিতে নেতারা বলেন, মাদক কারবার, অপরাধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। নানা বাধাবিপত্তি সত্ত্বেও তাঁরা এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইজিপির মতো দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য দেওয়ায় মাদক কারবারি ও সন্ত্রাসীদের পক্ষ থেকে সাংবাদিকদের ওপর বাধাবিপত্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
তারা আরও বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়ায় তা নিষ্পত্তি করতে হবে। ঢালাও নেতিবাচক মন্তব্য সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থার ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে।
এলআরএফ নেতারা অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বলেন, অন্যথায় স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় পেশাদার সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।
মতামত দিন