কনসার্ট-বাউল গান ও সাংস্কৃতিক উৎসবে নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ
কনসার্ট, বাউল গান, লোকসংগীত, নাটক, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক উৎসব ও নৌকাবাইচসহ বিভিন্ন আইনসম্মত সাংস্কৃতিক আয়োজনে বাধা ও হামলা বন্ধে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপ কিংবা আপত্তির কারণে বৈধ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ না করার দাবিও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে ডাকযোগে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।
নোটিশে বলা হয়েছে, সংবিধানের ৩১, ৩২, ৩৭ ও ৩৯ অনুচ্ছেদে নাগরিকের আইনের আশ্রয় লাভ, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে। এ কারণে শান্তিপূর্ণ সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
আইনজীবীর নোটিশে উল্লেখ করা হয়, বাউল গান, লোকসংগীত, পালাগান, যাত্রা, লোকনৃত্য, নাটক, চলচ্চিত্র প্রদর্শনী, পহেলা বৈশাখ ও নৌকাবাইচ বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে এসব আয়োজন নিয়ে বাধা, আপত্তি এবং নিরাপত্তার কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিত বা বাতিলের ঘটনা ঘটেছে।
এ প্রসঙ্গে গত মাসে কিশোরগঞ্জে স্থানীয় একটি গোষ্ঠীর আপত্তির পর একটি কনসার্ট প্রশাসনিকভাবে বাতিল এবং সিলেটের বিয়ানীবাজারে সুনাই নদীতে আয়োজিত নৌকাবাইচ বন্ধের দাবির বিষয়টি নোটিশে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ঢাকায় সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত হওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপের মুখে আইনসম্মত সাংস্কৃতিক আয়োজন বেআইনিভাবে বন্ধ করা উচিত নয়। একই সঙ্গে শিল্পী, আয়োজক, দর্শক ও সাংস্কৃতিক কর্মীদের হুমকি, হামলা, অপমান ও হয়রানি থেকে সুরক্ষা দেওয়ার দাবি জানানো হয়েছে।
ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন হুমকি কিংবা সহিংসতার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করে বৈধ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে না পারে, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনজীবী সাদ্দাম হোসেন অভি। তিনি বলেন, বর্তমানে কনসার্ট, সংগীতানুষ্ঠান, বাউল গান, নাটক ও সিনেমা প্রদর্শনীসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে নানা ধরনের বাধা দেওয়া হচ্ছে। এসব ঘটনা প্রতিরোধের পাশাপাশি সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও জানান আইনজীবী সাদ্দাম হোসেন অভি।
মতামত দিন