কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং বন্ধে লিগ্যাল নোটিশ
কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে অ্যাডভেঞ্চার পর্যটনে আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের দাবিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর সৈকতে প্যারাসেলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যুর ঘটনা পর্যটন নিরাপত্তা ব্যবস্থার গুরুতর দুর্বলতাকে সামনে এনেছে।
নোটিশে উল্লেখ করা হয়, কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত অপারেটর এবং মানসম্মত সরঞ্জাম ছাড়াই প্যারাসেলিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। অতীতে একাধিক দুর্ঘটনা ঘটলেও কার্যকর তদারকি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সাম্প্রতিক দুর্ঘটনার পর প্রশাসনের বক্তব্য থেকে জানা গেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যারাসেলিং পরিচালনার প্রয়োজনীয় অনুমোদন ছিল না। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত ট্যুরিস্ট ম্যাজিস্ট্রেট ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাটি তাদের অজান্তে ঘটেছে বলে জানিয়েছেন।
নোটিশে দাবি করা হয়, প্রশাসনের নজরদারির দায়িত্ব থাকা সত্ত্বেও অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ কার্যক্রম চলতে থাকা প্রশাসনিক ব্যর্থতারই প্রতিফলন। এতে পর্যটকদের জীবন ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
লিগ্যাল নোটিশে মোট আট দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে: কক্সবাজারে সব ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ করা; সংশ্লিষ্ট অপারেটরদের লাইসেন্স, অনুমোদন ও নিরাপত্তা মান যাচাই করা; সাম্প্রতিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি গঠন; দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; ট্যুরিস্ট পুলিশ ও ট্যুরিস্ট ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনে আরও কার্যকর নজরদারি নিশ্চিত করা; নিহত পর্যটকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান; দরিয়ানগরের ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জনসম্মুখে প্রকাশ করা এবং সর্বশেষ ভবিষ্যতে প্যারাসেলিংসহ সব ধরনের অ্যাডভেঞ্চার পর্যটন কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা নির্দেশিকা ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো প্রণয়ন এবং কঠোরভাবে বাস্তবায়ন।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে উচ্চ আদালতে রিটসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করেছেন অ্যাডভোকেট নিশাত ফারজানা।
মতামত দিন