জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয়ে জাতীয় পতাকার অনিয়মতান্ত্রিক ও বেআইনি উত্তোলন, প্রদর্শন ও ব্যবহার বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে।
নোটিসে সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কার্যালয়ে ডেস্ক ও দেয়ালে সাজসজ্জার উপকরণ হিসেবে এবং সরকারি কর্মচারীদের ব্যবহৃত চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা রাখা বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব ও অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন), জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।
লিগ্যাল নোটিসের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসকক্ষে ভাঁজ করা জাতীয় পতাকা কর্মকর্তাদের চেয়ার বা সোফার পেছনে নিচু স্ট্যান্ডে রাখা হচ্ছে। একইভাবে বিভিন্ন অফিসের টেবিলেও জাতীয় পতাকা সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের ব্যবহার জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করে। জাতীয় পতাকা ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট আইন ও বিধিমালা অনুসরণ করা প্রয়োজন।
ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী আরও জানান, পতাকা বিধিমালার ৬ নম্বর বিধিতে গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও অফিসে জাতীয় পতাকা ব্যবহারের বিধান রয়েছে। অফিসকক্ষের ভেতরেও জাতীয় পতাকা ব্যবহার করতে হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। একই সঙ্গে পতাকার আকার, অনুপাত ও রঙের ক্ষেত্রেও বিধিমালায় নির্ধারিত নির্দেশনা মানতে হবে।
লিগ্যাল নোটিসে এসব বিধান যথাযথভাবে অনুসরণ এবং জাতীয় পতাকার অনিয়মতান্ত্রিক ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন