মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতন ও বলাৎকার বন্ধে পদক্ষেপ নিতে আইনি নোটিশ
দেশের বিভিন্ন মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ, বলাৎকার ও নিষ্ঠুর আচরণ প্রতিরোধে দ্রুত কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ নূরুল হুদা স্বরাষ্ট্র, শিক্ষা, আইন ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠান। নোটিশে মাদ্রাসাগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধমূলক ও কাঠামোগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
নোটিশে সারাদেশের আলিয়া, কওমি, হিফজসহ সব ধরনের মাদ্রাসার জন্য জাতীয় পর্যায়ে একটি অভিন্ন ‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা সেল’ গঠন ও কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি মাদ্রাসা ও অন্যান্য আবাসিক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নির্যাতনের অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিটি প্রতিষ্ঠানে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
এ ছাড়া শিশু আইন, ২০১৩-এর ৭ থেকে ৯ ধারার আওতায় গঠিত জাতীয়, জেলা ও উপজেলা শিশুকল্যাণ বোর্ডের মাধ্যমে দেশের প্রতিটি মাদ্রাসার শিশু সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা ও নিরীক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সেই নিরীক্ষার ফলাফল প্রকাশেরও দাবি জানানো হয়েছে।
শিশুদের নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে মাদ্রাসার প্রবেশপথ, করিডোর, শ্রেণিকক্ষ ও সাধারণ আবাসিক এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে বাথরুম, টয়লেটসহ ব্যক্তিগত পরিসরে ক্যামেরা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ রাখার কথা বলা হয়েছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিশুদের ব্যক্তিগত গোপনীয়তাও সুরক্ষিত থাকে।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন