Views Bangladesh Logo

পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বিদেশি নাগরিকত্ব, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং তাদের নিয়োগ ও শপথ গ্রহণের সাংবিধানিক বৈধতা যাচাইয়ের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী আসলাম মিয়া প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে সংবিধানের ৫৬, ৬৬ ও ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের আলোকে দুই মন্ত্রীর নাগরিকত্ব, যোগ্যতা, বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য এবং শপথ গ্রহণের বৈধতা যাচাইয়ের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তাদের নিয়োগ সংবিধানের সংশ্লিষ্ট বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিও পরীক্ষা করতে বলা হয়েছে।

আইনজীবী আসলাম মিয়া জানান, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়টি যাচাই করা প্রয়োজন। বিশেষ করে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ, বিদেশি পাসপোর্ট ধারণ কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকারের মতো বিষয় থাকলে তার সাংবিধানিক প্রভাব রয়েছে। এ কারণে দুই মন্ত্রীর নাগরিকত্বের ইতিহাস ও বর্তমান আইনগত অবস্থান যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে ড. খলিলুর রহমানের ক্ষেত্রে তিনি বর্তমানে বাংলাদেশের নাগরিক কি না, কখনো বিদেশি নাগরিকত্ব বা পাসপোর্ট গ্রহণ করেছেন কি না এবং বিদেশি কোনো রাষ্ট্রের প্রতি আনুগত্যের শপথ বা ঘোষণা দিয়েছেন কি না, তা খতিয়ে দেখার দাবি করা হয়েছে। একইভাবে হুমায়ুন কবিরের নাগরিকত্ব, বিদেশি পাসপোর্ট এবং বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্যের বিষয়েও প্রয়োজনীয় নথি পরীক্ষা করতে বলা হয়েছে।

এ ছাড়া দুই মন্ত্রীর নাগরিকত্ব, পাসপোর্ট, অভিবাসন ও জাতীয়তা সংক্রান্ত রেকর্ড সংগ্রহ করে তাদের নিয়োগ ও শপথ গ্রহণ সাংবিধানিকভাবে বৈধ কি না, তা নির্ধারণের দাবি জানানো হয়েছে। আইনজীবী জানিয়েছেন, সাত দিনের মধ্যে নোটিশের জবাব না পাওয়া গেলে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিটসহ প্রয়োজনীয় আইনগত প্রতিকার চাওয়া হবে। তিনি বলেন, নোটিশের উদ্দেশ্য কোনো চূড়ান্ত অভিযোগ বা সিদ্ধান্ত দেওয়া নয়, বরং নাগরিকত্ব ও সাংবিধানিক যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের আনুষ্ঠানিক যাচাই নিশ্চিত করা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ