প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধে লিগ্যাল নোটিশ
প্রেম ও রোমান্সনির্ভর নাটক ও সিনেমা নির্মাণ এবং সম্প্রচার বন্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে নোটিশের পক্ষ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, দেশের চলচ্চিত্র ও নাটকে প্রেম ও অতিরিক্ত রোমান্টিক কনটেন্টের আধিক্য তৈরি হয়েছে। এর ফলে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে অমনোযোগী হয়ে পড়ছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক ও মহিমান্বিত করে উপস্থাপনের মাধ্যমে সামাজিক ও নৈতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও দাবি করা হয়, এ ধরনের কনটেন্টের অবাধ প্রদর্শনের সঙ্গে সামাজিক নৈরাজ্য, পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির সম্পর্ক রয়েছে। যুবসমাজকে কথিত নৈতিক অবক্ষয় থেকে রক্ষা এবং পারিবারিক মূল্যবোধ বজায় রাখতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও এতে উল্লেখ করা হয়েছে।
আইনি নোটিশে সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদের উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সামাজিক শৃঙ্খলা ও জাতীয় সংস্কৃতি রক্ষার পাশাপাশি শালীনতা ও নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতার ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে।
নোটিশে কেবল প্রেমভিত্তিক নাটক ও সিনেমার ওপর কঠোর বিধিনিষেধ আরোপের পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ ও সম্প্রচারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে ব্যবস্থা না নিলে জননৈতিকতা ও জাতীয় সংস্কৃতি রক্ষার দাবিতে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন