Views Bangladesh Logo

১৪ বোয়িং কেনার চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবিতে লিগ্যাল নোটিশ

যুক্তরাষ্ট্র থেকে ১৪টি বোয়িং বিমান কেনার বিষয়ে করা চুক্তির পূর্ণাঙ্গ তথ্য ও নথি জনসম্মুখে প্রকাশের দাবিতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে চুক্তির শর্ত, মূল্য, ক্রয়প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য জনসাধারণের জানার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এমএমজি সারওয়ার পায়েল এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, অর্থ সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে নোটিশটি দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ১৪টি বোয়িং বিমান কেনার জন্য একটি চুক্তি করেছে। বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয়ের এ সিদ্ধান্তের স্বচ্ছতা, আর্থিক যৌক্তিকতা ও জনস্বার্থ নিয়ে নোটিশে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার সংকট ও মুদ্রাস্ফীতির পাশাপাশি এয়ারবাসের বিকল্প প্রস্তাব থাকার বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে। এসব বিবেচনায় বোয়িং কেনার সিদ্ধান্ত কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

নোটিশে বোয়িং বিমান কেনার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো আর্থিক বাধ্যবাধকতা তৈরি হয়েছে কি না এবং নতুন কোনো বিমান কেনা বা লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে কি না, তা প্রকাশের দাবি জানানো হয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও স্বাধীনভাবে সম্ভাব্যতা যাচাই, আর্থিক মূল্যায়ন এবং জনস্বার্থের মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন কোনো চুক্তি বা প্রতিশ্রুতি না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, যেকোনো বিমান ক্রয়প্রক্রিয়ায় সরকারি ক্রয় আইন, ২০০৬ অনুসরণ করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পদ্ধতি নিশ্চিত করতে হবে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে গ্রহণযোগ্য ও যুক্তিপূর্ণ জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ৪৪ ও ১০২ অনুচ্ছেদ অনুযায়ী জনসাধারণের অর্থ সুরক্ষায় হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ