আইনজীবী পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় ক্ষুব্ধ আইনজীবীরা
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। গত ১৭ অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় করা এই মামলায় অবশ্য গত ২২ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। তবে বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতপন্থি আইনজীবীরা। তাদের মতে আইনজীবী জেড আই খান পান্নাকে যে সময়ে যে মামলায় আসামি করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত।
বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ভিউজ বাংলাদেশকে বলেন, ‘আইনজীবী জেড আই খান পান্নাকে হত্যাচেষ্টার মামলায় আসামি করায় আমি মর্মাহত। আমি মনে করি, তিনি দুই মাস আগের ওই ঘটনার সঙ্গে জড়িত না। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তার মতো একজন ক্লিন ইমেজের আইনজীবীকে এভাবে হেনস্তা করা খুবই দুঃখজনক। আমি আশা করি তিনি শিগগির এই মামলার অভিযোগ থেকে অব্যাহতি পাবেন।’
বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এ ব্যাপারে ভিউজ বাংলাদেশকে বলেন, ‘বিগত আওয়ামী সরকারের আমলে বিরোধী মতের মানুষের বিরুদ্ধে যেভাবে গায়েবি মামলা দেয়া হয়েছে, সেটা যেন এখনো অব্যাহত না থাকে- সেই আশাই করি। আইনজীবী জেড আই খান পান্না একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সুপ্রিম কোর্টের একজন সৎ ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এভাবে মামলা দেয়া খুবই বেদনাদায়ক।’
নাসির উদ্দিন অসীম আরও বলেন, ‘সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো বন্ধ করার আদেশ চেয়ে গত ২৯ জুলাই আইনজীবীদের একটি দল হাইকোর্টে আবেদন করে। তাদের একজন ছিলেন জেড আই খান পান্না। শিক্ষার্থীদের ওপর আক্রমণের সুষ্ঠু তদন্তের জন্য ২৯ জুলাই নাগরিক উদ্যোগে গঠিত জাতীয় গণতদন্ত কমিশনের সদস্যও ছিলেন তিনি। আর এখন তাকেই আসামি করা হলো আন্দোলনের সময়ে করা একটি মামলায়। এটা মোটেই উচিত হয়নি।’
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ ভিউজ বাংলাদেশকে বলেন, ‘গত জুলাইয়ের একটি হত্যাচেষ্টার মামলায় সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে আসামি করা উদ্দেশ্যপ্রণোদিত। এতে আইনজীবীরা ক্ষুব্ধ ও ব্যথিত। এভাবে কাউকে আসামি করা হলে পুরো মামলাটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ভিউজ বাংলাদেশকে বলেন, ‘সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দেয়াটা উচিত হয়নি। ঘটনাটি দুই মাস আগের এবং তখন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন।’
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ভিউজ বাংলাদেশকে বলেন, ‘অতি উৎসাহী হয়ে আইনজীবী জেড আই খান পান্নাকে হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে। তিনি এরই মধ্যে হাইকোর্ট থেকে জামিন পেয়েছে। ওই মামলার অভিযোগপত্র দেয়া পর্যন্ত তার জামিন বহাল থাকবে। হাইকোর্টে শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনে কোনো আপত্তি তোলা হয়নি।’
১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৭ অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় করা মামলায় আসামি করা হয় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নাকে।
মামলার বাদী আহাদুলের বাবা মো. বাকের অবশ্য পরে গণমাধ্যমকে বলেছেন তিনি আইনজীবী জেড আই খান পান্নাকে চেনেন না। এরপর বাদী আইনজীবী পান্নার নাম এজাহার থেকে বাদ দিতে আবেদন করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে