আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর, সাংবাদিককে হেনস্তা
ঢাকার আদালত চত্বরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় অন্তত চারজন আইনজীবী মারধরের শিকার হন। পাশাপাশি ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিকও হেনস্তার শিকার হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাঈদ খোকনের রিমান্ড শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আইনজীবীদের বরাতে জানা গেছে, শুনানি শেষে সাঈদ খোকনের পক্ষে আইনজীবীদের বক্তব্য দেওয়ার পরপরই স্থানীয় বিএনপি ও ছাত্রদল এবং বিভিন্ন ক্যাম্পাসের ছাত্রদলের নেতাকর্মীরা আইনজীবী অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। পরে তাঁকে টেনেহিঁচড়ে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের দিকে নিয়ে যাওয়া হয় এবং সূত্রাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আইনজীবীদের অভিযোগ, মারধরের একপর্যায়ে শামীম আল সাইফুল সোহাগ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরও তাঁকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তাঁর পাশাপাশি আরও অন্তত তিনজন আইনজীবী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে সাঈদ খোকনকে প্রিজনভ্যান থেকে নামানোর সময় ছবি ও ভিডিও ধারণ করতে যান দৈনিক ‘আগামী সময়’-এর প্রতিবেদক মাসুদ রানা। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাঁকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ ও আওয়ামী লীগের ‘দালালি করতে এসেছেন’ বলে হেনস্তা করেন।
এর আগে সাঈদ খোকনকে আদালতে আনা ও নেওয়ার সময়ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁকে বহনকারী গাড়ি ও প্রিজনভ্যান ঘিরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেন এবং ডিম নিক্ষেপ করেন। এ সময় বিভিন্ন স্লোগানও দেন তাঁরা।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
মতামত দিন