মামলা তালিকাভুক্তিতে প্রতারণা: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা
উচ্চ আদালতে মামলা তালিকাভুক্তির ক্ষেত্রে পূর্ববর্তী শুনানির তথ্য গোপন করে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।
রোববার (৯ আগস্ট) বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না।
আদেশের পর সংশ্লিষ্ট বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না জানান, বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে ১৫ নম্বর সিরিয়ালে আসামি সাকিব ওরফে সাকিব হাসান লিটনের জামিনের আবেদন শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। তবে শুনানির আগে তিনি জানতে পারেন, মামলাটি এরই মধ্যে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে শুনানি হয়েছে।
পূর্ববর্তী শুনানির বিষয়টি গোপন রেখে মামলাটি পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে বলে আদালতকে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন আদালত।
তবে আইনজীবী সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। পরে আদালত মামলাটি সরাসরি খারিজ করে দেন এবং আদালতের সঙ্গে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
আদেশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতের কাছে পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব।
তিনি বলেন, একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা পূর্ববর্তী কার্যক্রম গোপন করে আদালতের আদেশ প্রভাবিত করার চেষ্টা শুধু পেশাগত নৈতিকতার পরিপন্থী নয়, বরং বিচারপ্রক্রিয়ার প্রতি মানুষের আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।
মতামত দিন