ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী, ভাই কাদের সিদ্দিকীও এলেন
শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারের একদিন পর সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি মাইক্রোবাসে করে ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় তার ছোট ভাই, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকেও ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা যায়।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাকে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল শাপলা চত্বরের হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার আসামিদের তালিকায় আবদুল লতিফ সিদ্দিকীর নাম ১০ নম্বরে রয়েছে। এর আগে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারের আগে বুধবার সকালে শাহবাগ থানার একটি মামলায় আদালতে হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ সিদ্দিকী। তখন তিনি বলেছিলেন, শাপলা চত্বর মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার না করলে তিনি নিজেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন।
তিনি বলেন, ‘আমি সাধারণত আত্মগোপন করি না। আমি সব সময় আত্মপ্রকাশ করতে চাই। তাই আজ আদালতে এসেছি। পুলিশ যদি আমাকে গ্রেপ্তার না করে, তাহলে আগামী রোববার বা সোমবার আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করব।’
শাপলা চত্বরের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে সাবেক এই মন্ত্রী দাবি করেন, সে সময় তিনি মন্ত্রী থাকলেও ওই ঘটনার বিষয়ে তার কোনো ভূমিকা বা প্রত্যক্ষ জ্ঞান ছিল না।
মতামত দিন