নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, কারাগারেই থাকছেন কলিমউল্লাহ
দুর্নীতি মামলায় সদ্য জামিন পাওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে নতুন করে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। ফলে জামিন পেলেও আপাতত কারামুক্তি হচ্ছে না তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মুস্তাঈন বিল্লাহ সাব্বির নামের এক ভুক্তভোগীকে হত্যাচেষ্টার মামলায় কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে তদন্তকারী কর্মকর্তা।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকার মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তর পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. আবু সাঈদ গত ২৮ জুলাই এই আবেদন করেন, যার ভিত্তিতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত আগামীকাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।
আবেদনে বলা হয়েছে, ঘটনার সঙ্গে কলিমউল্লাহর সম্পৃক্ততার পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা প্রয়োজন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মুস্তাঈন বিল্লাহ সাব্বির গত বছরের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র স্বরণী সড়ক এলাকায় অবস্থানকালে অস্ত্রধারী একদল আসামি অতর্কিতে ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে একটি গুলি সাব্বিরের বাম হাতের কনুইয়ে লেগে বিপরীত পাশ দিয়ে বের হয়ে যায়, ফলে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হন। আহতাবস্থায় সাব্বিরকে প্রথমে উত্তরার হাইকেয়ার জেনারেল হাসপাতাল ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি নিজে বাদী হয়ে উত্তর পশ্চিম থানায় হত্যাচেষ্টার এই মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে কলিমউল্লাহকে গ্রেপ্তার করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তারের দিনই তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছিল। এরপর থেকে টানা কারাগারেই ছিলেন সাবেক এই উপাচার্য। সম্প্রতি অবশ্য হাইকোর্ট থেকে ওই মামলায় জামিন পান তিনি এবং জামিননামা দাখিলের পর কারামুক্তিতে কোনো বাধাও ছিল না বলে জানা যায়। এমন পরিস্থিতিতেই এবার হত্যাচেষ্টার নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন এলো, যা কার্যকর হলে তার কারামুক্তি আপাতত ঠেকে যাবে।
মতামত দিন