বাণিজ্যিক কোচিং কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না বিচারকরা
বাংলাদেশ বিচার বিভাগীয় সার্ভিসের কোনো সদস্য সরাসরি বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত কোচিং কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের জারি করা এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সোমবার (২৪ আগস্ট) এটি জারি করা হয়েছিল।
পরিপত্রে বলা হয়, বিচার বিভাগের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা অক্ষুণ্ন রাখা এবং বিচারিক দায়িত্ব পালনে পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে নির্দেশনায় জানানো হয়, বাণিজ্যিক উদ্দেশ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজের নাম, পদবি, ছবি বা পরিচয় সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং সংক্রান্ত প্রচার-প্রচারণার কাজে ব্যবহার করতে পারবেন না কিংবা এ ধরনের ব্যবহারের অনুমোদনও দিতে পারবেন না।
এ ছাড়াও বিচারিক দায়িত্ব পালনকালে প্রাপ্ত কোনো গোপনীয় বা সরকারি তথ্য বাণিজ্যিক কোচিংয়ের উদ্দেশ্যে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কোচিংয়ের জন্য কোনো শিক্ষা উপকরণ প্রস্তুত, সম্পাদনা বা সরবরাহ করা থেকেও তাদের বিরত থাকতে বলা হয়েছে।
এ পরিপত্রের কোনো বিধান লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী উপযুক্ত বিভাগীয় বা শৃঙ্খলাভঙ্গজনিত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
মতামত দিন