Views Bangladesh Logo

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগ, সমন্বয়হীনতা ও প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ

দায়িত্ব পালনে সমন্বয়হীনতা ও প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ জিসান পদত্যাগ করেছেন। রোববার জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন জিসান।

পদত্যাগপত্রে জিসান অভিযোগ করেন, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে তাঁর সঙ্গে যথাযথ সমন্বয় না করে সিদ্ধান্ত নেওয়া, তাঁর সিদ্ধান্ত পরিবর্তন এবং প্রশাসনিক প্রভাবের কারণে একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক মর্যাদা তিনি সবসময় পাননি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপক নির্বাচন ও অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অনুষ্ঠান চলাকালে প্রশাসন ও শিক্ষকদের পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তিদের নাম ঘোষণা করতে তাঁকে বাধ্য করা হয়। এর ফলে সৃষ্ট হট্টগোলে তিনি হতাশ হয়েছেন। পরে ওই ঘটনার জন্য মঞ্চে তাঁকে দুঃখ প্রকাশ করার জন্যও চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

জিসান বলেন, একজন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক স্বার্থের প্রভাবাধীন হয়ে কাজ করতে পারেন না।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজের নীতি, স্বাধীনতা ও আত্মমর্যাদার সঙ্গে আপস করে তাঁর পক্ষে এই পদে থাকা সম্ভব নয়। এ কারণে স্বেচ্ছায় জাকসুর সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানা গেছে, গত ৬ আগস্ট রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীতশিল্পী আসিফ আকবর গান পরিবেশন করেন।

অভিযোগ রয়েছে, ওই অনুষ্ঠানে জাকসুর সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লাহ শেখ জিসানকে উপস্থাপনার দায়িত্ব দেওয়া হয়নি। পরে জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব অনুষ্ঠান উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে জাকসুর সহসভাপতি, ছাত্রদলের আহ্বায়কসহ একাধিক ছাত্রদল নেতার নাম ঘোষণা করাকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয় বলেও জানা গেছে। এ ঘটনায় জিসানকে জোরপূর্বক ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগও উঠেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ