Views Bangladesh Logo

জাবি'র সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন প্রভোস্টের নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী দায়িত্বসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধাসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে সম্প্রতি প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। এসব সংগঠন তার অপসারণসহ বিভিন্ন দাবি তোলে।

গত ২১ নভেম্বর ছাত্রদল তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার এবং দায় স্বীকারের বিষয়ে তাদের সুস্পষ্ট অবস্থান জানানোর দাবি জানায়।

একই দিন জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি তোলে। তদন্ত চলাকালে তাদের সাময়িক অব্যাহতি এবং অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানায় সংগঠনটি।

পরদিন ২২ নভেম্বর চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় ছাত্রশিবির। এতে অধ্যাপক স্নিগ্ধাকে সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অপসারণের দাবিও ছিল।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা অফিস আদেশে অধ্যাপক স্নিগ্ধাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হলেও সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ