ইনুর ১০ বছরের সাজা বাতিলের দাবিতে জাসদের বিক্ষোভ
রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) তাদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া ১০ বছরের সাজাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক দাবি করেছে। দলটির নেতারা রায় বাতিলের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শিক্ষা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি প্রেস ক্লাব, তোপখানা, পল্টন ও জিরো পয়েন্ট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে শেষ হয়।
মহানগর কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন এবং বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননীসহ জাসদ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, দলের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘোষিত রায় রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তাদের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করেছে এবং ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আদালতে ইনুর বিচার করাকে তারা 'প্রহসন' হিসেবে দেখছেন।
বক্তারা আরও দাবি করেন, মহান মুক্তিযুদ্ধে হাসানুল হক ইনুর ভূমিকার কারণেই তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে।
তাদের বক্তব্য অনুযায়ী, মামলায় ইনুর বিরুদ্ধে আনা ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় ছয়জন হত্যা এবং বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডে 'সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি'সহ আটটি অভিযোগ আদালতের রায়ে প্রমাণিত হয়নি। এছাড়া, সংশ্লিষ্ট সময়ে তিনি মন্ত্রী, সংসদ সদস্য বা রাষ্ট্রীয় কোনো প্রশাসনিক দায়িত্বে ছিলেন না এবং পুলিশ, বিজিবি, সেনাবাহিনী কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না বলেও দাবি করেন তারা।
জাসদের নেতারা অভিযোগ করেন, কুষ্টিয়ায় ছয়জন নিহতের ঘটনায় ইনুর সম্পৃক্ততার কোনো প্রমাণ রাষ্ট্রপক্ষ উপস্থাপন করতে পারেনি। তাই তারা আদালতের দেওয়া রায় বাতিল এবং ইনুর মুক্তির দাবি জানান।
মতামত দিন