Views Bangladesh Logo

জেআইসিতে গুমের অভিযোগে শেখ হাসিনাসহ ১৩ জনের মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়েছে। অসুস্থতার কারণে নির্ধারিত দিনে সাক্ষী আদালতে উপস্থিত হতে না পারায় আগামী বুধবার (১২ আগস্ট) নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার (১১ আগস্ট) ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ আদেশ দেওয়া হয়। প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর শাইখ মাহদী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গত ২২ জুলাই মামলার ষষ্ঠ সাক্ষী তাজুল ইসলাম সুমনের জেরা শেষ হয়। গত ১৮ জুন তিনি ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। সেখানে গুম, নির্যাতন এবং প্রায় আট বছর কারাগারে থাকার অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরে তিনি শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।

মামলার ১৩ আসামির মধ্যে বর্তমানে তিনজন কারাগারে রয়েছেন। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। মঙ্গলবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অন্যদিকে মামলার ১০ আসামি পলাতক। তাদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক রয়েছেন। এছাড়া শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ডিজিএফআইয়ের আরও কয়েকজন সাবেক কর্মকর্তা রয়েছেন।

২০২৫ সালের ৮ অক্টোবর ট্রাইব্যুনাল-১ এ মামলায় ১৩ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ আমলে নেন। পরে একই বছরের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ