চার বিচারপতিকে অপসারণে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে অপসারণের দাবিতে প্রধান বিচারপতিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দুই বিচারপতিকে বেঞ্চ ও চেম্বার থেকে জোর করে নামানোর হুমকি দিয়েছেন সংগঠনটির এক নেতা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
অপসারণের দাবি জানানো চার বিচারপতি হলেন শেখ হাসান আরিফ, জে বি এম হাসান, মো. আশরাফুল কামাল ও কে এম কামরুল কাদের। সমাবেশে বক্তারা তাদের ‘ফ্যাসিবাদের দোসর’ বলে আখ্যায়িত করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল সমাবেশে অভিযোগ করেন, বিচার বিভাগে এখনো ষড়যন্ত্র চলছে। তার দাবি, সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনে বিকেল চারটার পর কয়েকজন বিচারপতি গোপনে বৈঠক করছেন। পর্যায়ক্রমে তাদের নাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
সজল বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চার বিচারপতিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া না হলে বিচারপতি মো. আশরাফুল কামাল ও শেখ হাসান আরিফকে চেম্বার ও বেঞ্চ থেকে টেনেহিঁচড়ে নামানো হবে।
বিচারপতি আশরাফুল কামালের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে সজল প্রশ্ন করেন, এমন বক্তব্যের পরও কীভাবে তিনি সরকারি বেতন-ভাতা পাচ্ছেন।
বিচারপতি কে এম কামরুল কাদেরের বিষয়ে তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা-সংক্রান্ত একটি রায় বিচারপতি খিজির হায়াতের সঙ্গে যৌথভাবে দিয়েছিলেন কামরুল কাদের। খিজির হায়াতকে বাদ দেওয়া হলেও কামরুল কাদেরকে বহাল রাখায় বৈষম্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া অভিযুক্ত বিচারপতিদের সন্তানরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পক্ষে লন্ডনে সমাবেশ করছেন বলে অভিযোগ করেন সজল। বিচারপতি জে বি এম হাসানের ছেলে হাসান লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার পক্ষে স্মারকলিপি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
সমাবেশের আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাজার গেট ও বাংলাদেশ বার কাউন্সিল-সংলগ্ন গেট প্রদক্ষিণ করে আবার আইনজীবী সমিতি প্রাঙ্গণে ফিরে আসে।
কর্মসূচিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খানসহ কয়েকশ আইনজীবী অংশ নেন।
চার বিচারপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং তাদের অপসারণের দাবির বিষয়ে সংশ্লিষ্ট বিচারপতিদের বক্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন