Views Bangladesh Logo

সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধতার রায়ের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছেন জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন। বুধবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

লিভ টু আপিলের আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর যাতে সংসদ অধিবেশনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা জারিরও আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন নুরুল আমীনের আইনজীবী।

এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। ওই রায়ের পর একই দিন তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এর আগে ঋণখেলাপির অভিযোগ তুলে সরোয়ারের মনোনয়ন বাতিলের জন্য নির্বাচন কমিশনে আপিল করেছিলেন নুরুল আমীন।

নির্বাচন কমিশন ওই আপিলের শুনানি শেষে ১৮ জানুয়ারি সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। পরে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিএনপির এই প্রার্থী। ২৭ জানুয়ারি হাইকোর্ট কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন। এর বিরুদ্ধে নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

পরবর্তী সময়ে ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রাখার বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর করেন। একই সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও তাঁর নির্বাচনী ফলাফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয় পান সরোয়ার আলমগীর। তবে আদালতের নির্দেশের কারণে তাঁর ফলাফল তখন প্রকাশ করা হয়নি।

নুরুল আমীনের করা আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আপিল বিভাগ বিষয়টি নিষ্পত্তি করে দ্রুত সম্ভব দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। সেই নির্দেশনার পর হাইকোর্টে শুনানি হয় এবং ৯ জুলাই সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এবার সেই রায়ের বিরুদ্ধেই সর্বোচ্চ আদালতে যাওয়ার উদ্যোগ নিয়েছেন জামায়াতের প্রার্থী নুরুল আমীন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ