কারাগারে থাকা প্রিন্স মামুন এবার আত্মহত্যার চেষ্টা মামলাতে গ্রেপ্তার
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে কারাগারে থাকা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন, যিনি সামাজিক মাধ্যমে ‘প্রিন্স মামুন’ নামে পরিচিত, এবার আত্মহত্যার চেষ্টা-সংক্রান্ত মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে আদালতের নির্দেশে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। শুনানির দিন প্রিন্স মামুনকে আদালতে হাজির করা হলে উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই যৌতুকের দাবিতে অর্থ আদায় এবং শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় প্রিন্স মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। পরদিন আত্মহত্যার চেষ্টা-সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তা, ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য ২৯ জুলাই দিন ধার্য করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ জুলাই গভীর রাতে রাজধানীর ভাটারা এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে প্রিন্স মামুন সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। লাইভে তিনি আত্মহত্যার জন্য তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ও তার পরিবারের সদস্যদের দায়ী করেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
বাদী মোহনা অভিযোগ করেন, লাইভটি দেখার পর তিনি তার বাবা-মাকে সঙ্গে নিয়ে দ্রুত বাসায় পৌঁছে প্রিন্স মামুনকে উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মোহনার করা মামলার তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে যৌতুক ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাতেও প্রিন্স মামুন বর্তমানে বিচারিক হেফাজতে রয়েছেন।
মতামত দিন