লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সামরিক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানায়, ‘শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।’ একই সঙ্গে তারা সতর্ক করে বলে, পরিস্থিতি অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যার মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবাহিত হয়। ফলে এই রুট বন্ধের ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে তাৎক্ষণিক উদ্বেগ তৈরি করেছে।
ইরানের এই সিদ্ধান্ত এসেছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে। ইরান ওই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।
লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা যুদ্ধবিরতি মেনে চললেও ইসরায়েলি বাহিনীর যেকোনো অগ্রগতি প্রতিহত করবে। গোষ্ঠীটি আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানো হয়েছে।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।
সূত্র: এএফপি
মতামত দিন