Views Bangladesh Logo

ডিসেম্বরে কানাডা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি: কার্নি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ডিসেম্বরে কানাডা সফর করতে পারেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একই সময়ে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা শেষ করে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়েও এগোচ্ছে দিল্লি ও অটোয়া।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান কার্নি। তিনি বলেন, ভারতের সঙ্গে কানাডার বাণিজ্য আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে এবং দুই দেশের সম্পর্ক বিভিন্ন দিক থেকেই গুরুত্বপূর্ণ।

কার্নির ভাষ্য অনুযায়ী, ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠেয় জি২০ সম্মেলনের সময়ের মধ্যে বাণিজ্য আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে দুই দেশের। ভারতের সঙ্গে আলোচনার বিষয়টি কানাডার বৃহত্তর অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের প্রচেষ্টারও অংশ।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুই দেশ চলতি বছর একটি কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) সম্পন্ন করার বিষয়ে অঙ্গীকার করেছে। মার্চে কার্নির ভারত সফরের সময়ও দুই দেশের নেতারা এ চুক্তির আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হন।

কার্নি জানান, তাঁর বোঝাপড়া অনুযায়ী মোদি ডিসেম্বরের দিকে কানাডা সফর করবেন। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, মোদিকে কানাডায় আতিথেয়তা জানাতে তিনি আগ্রহী।

ভারত ও কানাডার মধ্যে ২০২৩ সালে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হলেও ২০২৬ সালে দুই দেশ সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। চলতি বছরের মার্চে কার্নি ভারত সফর করেন এবং জুনে ফ্রান্সে জি৭ সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক করেন দুই নেতা। এরপর বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা এগিয়েছে।

দুই দেশের আলোচনায় বাণিজ্য চুক্তির পাশাপাশি জ্বালানি সহযোগিতা, এলএনজি, পারমাণবিক জ্বালানি এবং গুরুত্বপূর্ণ খনিজ খাতও গুরুত্ব পাচ্ছে। কানাডা ও ভারত ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যও নির্ধারণ করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ