ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে কারাগারে পাঠানোর নির্দেশ
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৩ আগস্ট) এ মামলার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ৯ আগস্ট রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। পরে ২৬ জুলাই রাতে তাকে বাসা থেকে আটক করে বিশেষ সামরিক পুলিশ শাখা।
ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২১ জুন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে সাইফুর রহমানের নাম উঠে আসে। এরপর রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন করে।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্ত ও সাক্ষীদের জবানবন্দিতে ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় সাইফুর রহমানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদসহ আরও কয়েকজনের ভূমিকা নিয়েও তদন্ত চলছে বলে জানান তিনি।
২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালককে তুলে নেওয়া হয়। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তৎকালীন সময়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, সে সময় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।
মতামত দিন