মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এই নির্দেশ দেন। একই সঙ্গে আদালত অভিযুক্ত সাবেক এই সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে রাখার আদেশ দিয়েছেন।
ট্রাইব্যুনাল এই মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিয়েছেন। এই সময়ের মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে দুই দিন জিজ্ঞাসাবাদের সুযোগ পাবেন।
আদালত আরও নির্দেশ দিয়েছেন যে, আগামী শুনানির নির্ধারিত দিনে আসামি মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির করতে হবে।
এর আগে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে গত মঙ্গলবার আদালত তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করার নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সকালে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়।
মতামত দিন