Views Bangladesh Logo

রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে হাইকোর্টে। দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) এ বিষয়ে রায় ঘোষণা করবেন উচ্চ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে, আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি বাসায় রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ভবনের অন্য একটি ফ্ল্যাটে স্ত্রী স্বপ্না আক্তারকে নিয়ে বসবাস করতেন সোহেল রানা। রামিসার বাবা পরিবারের সদস্যদের নিয়ে একই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

হত্যাকাণ্ডের পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর স্ত্রী স্বপ্নাকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় হত্যা মামলা করেন। ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্ত শেষে সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপর গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।

রায়ে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুসারে আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তবে একই আইনের ৩৭৪ ধারা অনুযায়ী, হাইকোর্টের অনুমোদন ছাড়া এ দণ্ড কার্যকর করা যাবে না। জরিমানার অর্থ আদায় করা সম্ভব না হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে সেই অর্থ রামিসার উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার যাবতীয় নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি কারাগার থেকে দুই আসামি তাঁদের দণ্ডের বিরুদ্ধে জেল আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের ওপর সোমবার হাইকোর্টে শুনানি শেষ হয়। মঙ্গলবারের রায়ে নিম্ন আদালতের মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি পরিবর্তন হবে, তা জানা যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ