ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৪ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন এক চিঠিতে জানায়, তাশরিক-ই-হাবিবকে ২২ জুন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, সাম্প্রতিক কর্মকাণ্ড এবং একাডেমিক কমিটির সদস্যদের তাঁর সঙ্গে কাজ করতে অনাগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।
সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অধ্যাপক তাশরিক-ই-হাবিব। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী নিগার সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিদুল ইসলাম জনি ও শিহাব উদ্দিন খান।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় আসা অধ্যাপক তাশরিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, একাডেমিক কার্যক্রমবহির্ভূত কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে।
মতামত দিন