Views Bangladesh Logo

ছবি ছাড়া এনআইডি তৈরির আবেদন খারিজ, ছবি দিয়েই করতে হবে পরিচয়পত্র

ছবি ছাড়া বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সুযোগ চেয়ে করা রিটের ওপর জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে জাতীয় পরিচয়পত্র তৈরির ক্ষেত্রে ছবি ব্যবহার বাধ্যতামূলকই থাকছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের পক্ষে থাকা আইনজীবী কামাল হোসেন মিয়াজী। তিনি জানান, রুল খারিজ হওয়ায় ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে না।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে এ রিট দায়ের করেন। তিনি নিজেকে ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দানশীন প্রাপ্তবয়স্ক মুসলিম নারী উল্লেখ করে জানান, ধর্মীয় বিধান অনুসরণের কারণে তিনি ছবি তোলা থেকে বিরত থাকেন। এ কারণে তার জাতীয় পরিচয়পত্রও হয়নি। এনআইডি না থাকায় সরকারি বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।

এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি ছবি ছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে এনআইডি দেওয়ার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন সুমাইয়া। কিন্তু সেই আবেদনের কোনো নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট ছবি ছাড়া বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

তবে রুল জারির সময় রাষ্ট্রপক্ষ এ ধরনের আবেদন সংবিধানসম্মত নয় বলে আদালতকে জানিয়েছিল। তাদের যুক্তি ছিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা নিতে ছবি প্রয়োজন হয়। এমনকি ব্যাংক হিসাবের ক্ষেত্রেও পরিচয় যাচাইয়ের জন্য ছবি দরকার। ছবি না থাকলে পরিচয় জালিয়াতি বা অন্য কেউ অর্থ উত্তোলনের মতো জটিলতা তৈরি হতে পারে।

এ ছাড়া বায়োমেট্রিক পরিচয় নিশ্চিত করতে আইরিশের তথ্য নেওয়ার প্রয়োজন হলে পর্দার বিষয়টিও সামনে আসে। দীর্ঘ শুনানি শেষে বুধবার সেই রুল খারিজ করে দেন হাইকোর্ট।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ