Views Bangladesh Logo

দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতে সব হাসপাতালকে হাইকোর্টের নির্দেশ

সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনামূলক সার্কুলার জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এ রায় দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের পক্ষে অ্যাডভোকেট কাজী এরশাদুল আলম এবং সালাউদ্দিন হাসপাতালের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শুনানিতে অংশ নেন।

২০১৮ সালে ছিনতাইকারীর হামলায় আহত খুলনার ব্যবসায়ী ইব্রাহিমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসা না দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তাঁর মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিট দায়ের করে।

ওই রিটের পর ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে জানতে চান, আহত ব্যক্তির জীবন রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং সব হাসপাতাল ও ক্লিনিকে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না।

রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেশের সব হাসপাতাল ও ক্লিনিকের জন্য এ বিষয়ে সার্কুলার জারির নির্দেশ দেন। পাশাপাশি ২০১৮ সালের সড়ক দুর্ঘটনা আইন সংশোধন করে শুধু সড়ক দুর্ঘটনা নয়, সব ধরনের দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বিধি প্রণয়নেরও নির্দেশ দিয়েছেন।

রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী বেঁচে থাকার অধিকার মানুষের মৌলিক অধিকার। তাই দুর্ঘটনা বা অন্য কোনো ঘটনায় আহত ব্যক্তিকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানানো আইন ও সংবিধানের চেতনার পরিপন্থী। হাসপাতাল ও ক্লিনিকগুলো যেহেতু চিকিৎসাসেবা দেওয়ার জন্যই লাইসেন্সপ্রাপ্ত, তাই জরুরি আহত রোগীদের চিকিৎসা নিশ্চিত করা তাদের দায়িত্ব।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ