মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত ও স্বেচ্ছাচারী চার্জের বিষয়ে হাইকোর্টের রুল
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) আওতায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী এবং অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়াকে কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ ছাড়াও দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য একটি যুক্তিসঙ্গত, ন্যায্য ও সাশ্রয়ী মাশুল নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা সুরক্ষা ও জবাবদিহিসহ একটি স্বতন্ত্র ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন’ প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
এ সংক্রান্ত এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। এর আগে তিনি জনস্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন।
মামলার বিবাদী অর্থ মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
মতামত দিন