দুই মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজস্ব বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে হাইকোর্ট তাকে পাঁচটি মামলায় জামিন দিলেও পরবর্তীতে আপিল বিভাগ সেই আদেশগুলো স্থগিত করে দেয়।
পরবর্তীতে ১৮ নভেম্বর আইভীকে আরও পাঁচটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই আদেশও স্থগিত হয়ে যায়।
এরই মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ২ মার্চ ও ১২ এপ্রিল পর্যায়ক্রমে সেই আবেদনগুলো মঞ্জুর করেন। এই দুই মামলায় উচ্চ আদালতে আবেদন জানালে আজ আদালত নতুন করে তার জামিন মঞ্জুর করেন।
বর্তমানে এই দুই মামলায় জামিন পাওয়ায় আইভীর কারামুক্তির পথে আইনি জটিলতা অনেকটাই কেটেছে বলে মনে করছেন তার আইনজীবীরা। তবে আগের মামলাগুলোর স্থগিতাদেশ থাকায় বিষয়টি নিয়ে এখনো পর্যবেক্ষণ চলছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে