Views Bangladesh Logo

প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, গত ২০ মে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে করা এক মামলায় বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

পরবর্তীতে এই মামলায় গ্রেপ্তারের পর গত ২৬ আগস্ট বিদিশাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি বাদী হয়ে বিদিশার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন।

অভিযোগে বলা হয়, মিরপুর-১০ নম্বরের স্যানিটারি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ী মোশাররফ হোসেন ২০০১ সালে বারিধারায় একটি ফ্ল্যাট কেনার বিষয়ে বিদিশার সঙ্গে যোগাযোগ করেন। চুক্তি অনুযায়ী, বারিধারার 'প্রেসিডেন্ট পার্ক'-এর একটি ফ্ল্যাট ৮০ লাখ টাকায় বিক্রির প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতে প্রতারণার আশ্রয় নেওয়া হয়।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ