Views Bangladesh Logo

হাইকোর্টে চার দিনে ২০ হাজারেরও বেশি পুরোনো মামলা নিষ্পত্তি

হাইকোর্টে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে মাত্র চার কার্যদিবসে মোট ২০ হাজার ৭৪০টি দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫ হাজার ১৭২টি ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি রিট মামলা।

শনিবার (২০ জুন) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সর্বশেষ এক কার্যদিবস বৃহস্পতিবার (১৮ জুন) হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে ১ হাজার ৮৮৪টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়। একই দিনে রিট মোশন বেঞ্চগুলোতে নিষ্পত্তি হয় আরও ৫৪১টি পুরোনো রিট মামলা। ফলে ওই একদিনেই মোট ২ হাজার ৪২৫টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়।

সুপ্রিম কোর্ট সূত্রে আরও জানা যায়, পুরোনো মামলা নিষ্পত্তির এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে চার কার্যদিবসে ধারাবাহিকভাবে এ উদ্যোগ পরিচালিত হচ্ছে। এর ফলে এখন পর্যন্ত ক্রিমিনাল মিস ও রিট মামলা মিলিয়ে মোট ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ক্রিমিনাল মিস মামলার সংখ্যা ১৫ হাজার ১৭২টি এবং রিট মামলার সংখ্যা ৫ হাজার ৫৬৮টি।

প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলো দীর্ঘদিনের জটিল মামলা দ্রুত নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে এ বিশেষ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলার জট কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত ৭ মে থেকে শুরু হওয়া এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ