Views Bangladesh Logo

বান্দরবানে পাহাড় কাটা বন্ধে ৩ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটা বন্ধে তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের প্রয়োজন অনুযায়ী পাহাড় কাটা বন্ধে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

আইনজীবী জানান, লামা উপজেলায় ইটভাটা মালিকদের বিরুদ্ধে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন সামনে আসার পর পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর পক্ষে গত ৩০ আগস্ট দুই আইনজীবী মো. ছারওয়ার আহাদ চৌধুরী ও রিপন বারৈ রিটটি করেন।

রিটের শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি একটি মনিটরিং টিম গঠন করে তিন দিনের মধ্যে লামায় পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসনের অনুরোধ পাওয়া গেলে বান্দরবান আর্মি ক্যাম্পের কমান্ডারকে এ কাজে কার্যকর সহযোগিতা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ আইনের ১৫ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি ও অর্থদণ্ড কার্যকর করতে বলা হয়েছে।

রুলে লামা উপজেলায় পাহাড় কাটা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, বান্দরবান জেলায় পাহাড় কাটা ও ধ্বংস বন্ধে কেন প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে না এবং ইতোমধ্যে কেটে ফেলা পাহাড়গুলো আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

রুলের জবাব দিতে বন ও পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন মো. হানিফ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ