শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।
নীতিমালা প্রণয়নের জন্য অবিলম্বে কমিটি গঠনের নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন তিনি।
রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। পাশাপাশি নীতিমালা তৈরি এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব মূল্যায়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও জবাব চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার ফায়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর নেতিবাচক প্রভাবে অনেকের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে তাদের মানসিক বিকাশও।
রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়েছে, ঢাকার প্রতি পাঁচ শিশুর চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে দৈনিক গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে। যা শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমার চেয়ে বেশি।
গবেষণায় আরও দেখা গেছে, অংশগ্রহণকারী শিশুদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশের প্রায়ই মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও কম। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এ বয়সী শিশুদের সুস্থ শারীরিক ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এ প্রবণতা তুলনামূলক বেশি বলে গবেষণায় উঠে এসেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার সক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুদের সামগ্রিক মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মতামত দিন