Views Bangladesh Logo

হামের টিকা সংকটে শিশু মৃত্যুর অভিযোগ

ড. ইউনূস ও নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হাম ও রুবেলা (এমআর) টিকা সময়মতো আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং দেশে মহামারি পরিস্থিতি তৈরি হওয়ার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এ মামলার আবেদন করেন। এতে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২৭০, ৩০৪ ও ৩৪ ধারার অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন—সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

অভিযোগে বলা হয়, পূর্বের প্রচলিত প্রক্রিয়ায় ইউনিসেফের মাধ্যমে নিয়মিত টিকা আমদানি বন্ধ করে নতুন উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া চালু করার কারণে দীর্ঘ সময় টিকা সরবরাহ ব্যাহত হয়। এতে দেশে তীব্র টিকা সংকট সৃষ্টি হয় এবং শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। ইউনিসেফের পক্ষ থেকেও একাধিক চিঠির মাধ্যমে আগেই টিকা সংকটের বিষয়ে সতর্ক করা হয়েছিল এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে আমদানি প্রক্রিয়া অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছিল। তবে তা উপেক্ষা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, এই সময়ে দেশে প্রায় ৭৫ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং সরকারি হিসাবে প্রায় ৬১০ জন শিশুর মৃত্যু ঘটে। এছাড়া হাজার হাজার শিশু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো থানায় মামলা করতে গেলে সেখানে গ্রহণ না করে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে আদালতে এ আবেদন দাখিল করা হয়।

আবেদনে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সর্বোচ্চ শাস্তি প্রদানের প্রার্থনা করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ