Views Bangladesh Logo

পুরুষ নির্যাতন প্রতিরোধে পৃথক আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পুরুষদের নির্যাতন ও আইনগত হয়রানি থেকে সুরক্ষা দিতে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রিটটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়।

বাটারফ্লাই হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মো. খলিলুর রহমান গত মে মাসে রিটটি দায়ের করেন।

আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দেশে বিশেষ আইন থাকলেও নির্যাতনের শিকার পুরুষদের জন্য আলাদা কোনো আইন নেই। সংবিধানে সমঅধিকারের নিশ্চয়তা থাকলেও এ ধরনের আইন না থাকায় অনেক পুরুষ প্রয়োজনীয় বিচার ও প্রতিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে রিটে উল্লেখ করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অযথা হয়রানি থেকে সুরক্ষা দিতে পৃথক আইন প্রণয়নে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না— সে বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

এ ছাড়া, ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নে কেন সরকারকে নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও আদালতের কাছে রুল চাওয়া হয়েছে।

রিটে আরও আবেদন করা হয়েছে, রুলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নতুন আইন প্রণয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হোক।

এই রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব এবং আইন কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ