ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় আপিল বিভাগে বহাল
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে আপাতত হাইকোর্টের রায় কার্যকর থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত এ বিষয়ে কোনো স্থগিতাদেশ দেননি। আদালত বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ মামলায় হস্তক্ষেপ করা হবে না।
আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে আবেদনের শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তাঁকে সহযোগিতা করেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। এর আগে গত ১০ সেপ্টেম্বর এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা গ্রামীণ কল্যাণকে পরিশোধ করতে হবে বলে রায় দেন হাইকোর্ট।
দুটি রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের পর তা স্থগিত চেয়ে সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন ড. ইউনূসের আইনজীবীরা। তবে আদালত স্থগিতাদেশ না দেওয়ায় আপাতত এনবিআরের দাবি করা অর্থ পরিশোধের নির্দেশ বহাল রয়েছে।
মামলার পটভূমিতে জানা যায়, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছে আয়কর বাবদ এনবিআরের দাবিকে চ্যালেঞ্জ করে ২০১৭ সালে পৃথক দুটি রিট করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ স্বপ্রণোদিতভাবে গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া আগের রায় প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান।
পরে নতুন বেঞ্চে মামলাটির শুনানি হয়। সংশ্লিষ্ট রুল খারিজ করে গত ১০ সেপ্টেম্বর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। সেই রায় স্থগিতের আবেদন করা হলেও চেম্বার জজ আদালত কোনো আদেশ না দেওয়ায় আপাতত হাইকোর্টের সিদ্ধান্তই বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
মতামত দিন