Views Bangladesh Logo

ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের এ আদেশের ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত থাকবে।

বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

রুলে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুসরণ না করে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দাবি, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করা প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনা করে আদালত এ নির্দেশ দিয়েছেন। সংশোধিত ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরু হলে এসব শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

আইনজীবীর তথ্য অনুযায়ী, অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এ কারণে ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা আয়োজন না করার আবেদন জানানো হয়।

এদিকে, শিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল ২৭ নভেম্বর প্রকাশের কথা রয়েছে। চলতি বছর পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি বিষয়ে আবেদন করেছেন।

এর আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠক করে ইউজিসি। বৈঠকে আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা আয়োজন এবং ১ জানুয়ারির পর ভর্তি আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের পূর্বঘোষিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেয়। বিশ্ববিদ্যালয়টির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা ছিল। হাইকোর্টের নতুন নির্দেশনার ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সূচিতে পরিবর্তন আসছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ