বিচারকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব
পিরোজপুরের এক বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করার ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে আগামী ২৬ নভেম্বর সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া বিচারককে নিয়ে ব্যারিস্টার সারোয়ার হোসেনের বক্তব্যসংবলিত সংবাদ সম্মেলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এসব আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, একজন বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার বিষয়টি আদালতের নজরে আসে। তাই হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন।
তিনি আরও জানান, পিরোজপুরের যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। ওই সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের মাধ্যমে বিচার বিভাগের মর্যাদা ও আদালতের পবিত্রতা ক্ষুণ্ন হয়েছে কি না এবং এ কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এর আগে গত ৫ নভেম্বর পিরোজপুরের যুগ্ম জেলা জজ নাহিদ রুমানা মিতুর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও তার সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিচারকের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছিল।
মতামত দিন