৯৯৯ সেবায় বিলম্ব, পুলিশি সহায়তা নিশ্চিতে হাইকোর্টের রুল
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, একাধিকবার কল অন্যত্র স্থানান্তর এবং দ্রুত পুলিশি সহায়তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৫ আগস্ট) জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সায়কা কবির।
রুলে আদালত জানতে চেয়েছেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর সেবা দিতে বিলম্ব, একাধিকবার কল অন্যত্র স্থানান্তর, কার্যকর জিপিএস-ভিত্তিক লোকেশন ও কলার শনাক্তকরণ ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থতা এবং নিকটতম পুলিশ ফোর্স, টহল দল বা ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠাতে ব্যর্থতাকে কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না।
এ ছাড়া কার্যকর ‘জিরো এফআইআর’ ব্যবস্থা প্রণয়ন, বাস্তবায়ন ও কার্যকর রাখার ক্ষেত্রে ব্যর্থতার কারণে নাগরিকের সময়মতো পুলিশি সুরক্ষা এবং আইনের আশ্রয় পাওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে কি না, তাও জানতে চেয়েছেন আদালত।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিচালক বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
মতামত দিন