Views Bangladesh Logo

মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজ

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৬ সেপ্টেম্বর) শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন।

এর ফলে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার সরকারি সিদ্ধান্ত বহাল থাকল। গত ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল এবং মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানায়।

এর আগে ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছিল। চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের আগস্টে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। পরে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে মোস্তাকুর রহমানকে চার বছরের জন্য নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সরকারের ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন গত ৫ মার্চ হাইকোর্টে রিট করেন। আবেদনে আহসান এইচ মনসুরকে অপসারণ এবং মোস্তাকুর রহমানকে নিয়োগের পৃথক প্রজ্ঞাপন কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়। একই সঙ্গে প্রজ্ঞাপন দুটির কার্যক্রম স্থগিতেরও আবেদন করা হয়েছিল।

রিটে অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নর এবং মোস্তাকুর রহমানকে বিবাদী করা হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানী আবদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।

রোববারের আদেশের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজ বিন ইউসুফ জানান, হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করেছেন। অন্যদিকে রিটকারী আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, হাইকোর্টের আদেশের অনুলিপি পাওয়ার পর এ বিষয়ে আপিল বিভাগে আবেদন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ