Views Bangladesh Logo

কাপ্তাই লেকের প্রকৃত সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

রাঙামাটির কাপ্তাই লেকের প্রকৃত সীমানা নির্ধারণে জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে লেকের ভেতরে থাকা অবৈধ স্থাপনার মালিকদের নাম ও ঠিকানাও প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) এক সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

আদালতের নির্দেশনা অনুযায়ী, রাঙামাটি জেলা প্রশাসক ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে কাপ্তাই লেকের প্রকৃত ম্যাপ অনুসরণ করে সীমানা জরিপ করতে হবে। জরিপের মাধ্যমে লেকের সীমানার মধ্যে থাকা অবৈধ দখল ও স্থাপনা চিহ্নিত করে সংশ্লিষ্টদের নাম-ঠিকানাসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

হাইকোর্ট চার মাসের মধ্যে এ জরিপ সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০২৭ সালের ৬ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত।

কাপ্তাই লেকের বিভিন্ন অংশ অবৈধভাবে দখল ও দূষণের শিকার হচ্ছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে রিট আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১৭ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। পরবর্তী সময়ে লেকের সীমানা জরিপ ও অবৈধ দখলদারদের শনাক্ত করতে সম্পূরক আবেদন করা হয়।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, কাপ্তাই লেকের অনেক অবৈধ দখলদার বর্তমানে সংশ্লিষ্ট জমির মালিকানা দাবি করছেন। এ কারণে তাদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হচ্ছে। প্রকৃত সীমানা নির্ধারণ করে জরিপের মাধ্যমে অবৈধ দখলদারদের শনাক্ত করা গেলে এ সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ