Views Bangladesh Logo

রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্তদের জন্য ‘স্টেট ডিফেন্স’ নিয়োগের নির্দেশ হাইকোর্টের

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য স্টেট ডিফেন্স (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্টদের এই আদেশ দেন। মামলাটি বর্তমানে শুনানির জন্য এই বেঞ্চের কার্যতালিকায় (কজ লিস্ট) অন্তর্ভুক্ত রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও জেল আপিল শুনানির সুবিধার্থে মামলার যাবতীয় নথি সম্বলিত ‘পেপারবুক’ ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। বিজি প্রেস থেকে পেপারবুকটি তৈরি হয়ে সুপ্রিম কোর্টে আসার পর এখন তার যাচাই-বাছাইয়ের কাজ চলছে। যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই চাঞ্চল্যকর মামলার চূড়ান্ত শুনানি শুরু হতে পারে।

এর আগে, গত ৭ জুন নিম্ন আদালত পল্লবীতে ৮ বছরের ওই শিশুকে পাশবিক নির্যাতন ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে গত ৯ জুন ফাঁসির রায় অনুমোদনের নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয়। আসামিদের নিজেদের আইনজীবী না থাকায় হাইকোর্ট আজ রাষ্ট্রীয় খরচে তাদের জন্য আইনজীবী বা স্টেট ডিফেন্স নিয়োগের এই নির্দেশনা দিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ