Views Bangladesh Logo

খুলনার বটিয়াঘাটার নদীর বাঁশের বেড়া ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ হাইকোর্টের

খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারাম ইউনিয়নের আমতলা নদীতে লিজের আড়ালে নদীর এক পাড় থেকে অন্য পাড় পর্যন্ত নির্মিত বাঁশের বেড়া সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে তিন সপ্তাহের মধ্যে আদেশ বাস্তবায়ন-সংক্রান্ত (কমপ্লায়েন্স) প্রতিবেদন আদালতে দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, বাঁশের বেড়া নির্মাণের মাধ্যমে নদী দখল বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নদীর ভেতরে নির্মিত বাঁশের বেড়া অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

রিটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, খুলনার জেলা প্রশাসকসহ মোট আটজনকে বিবাদী করা হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করে।

রিটকারীর পক্ষে শুনানিতে সংগঠনটির সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন এবং নদীকে জীবন্ত সত্তা ঘোষণা-সংক্রান্ত হাইকোর্টের রায়ের নির্দেশনা অনুযায়ী নদীর স্বাভাবিক প্রবাহ বা নৌযান চলাচলে বাধা সৃষ্টি করার সুযোগ নেই। তিনি বলেন, স্থানীয় প্রশাসন নদীটি লিজ দিলেও নদীর ভেতরে এক পাড় থেকে অন্য পাড় পর্যন্ত বাঁশের বেড়া নির্মাণের আইনগত অধিকার কারও নেই। এ ধরনের লিজ কার্যত বেআইনি।’

রিটের পক্ষে আরও শুনানি করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল, অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী এবং অ্যাডভোকেট রিপন বাড়ৈ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিসান হায়দার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ